ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোমতী নদীতে গোসল করার সময় মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে মো. শাহেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত কিশোর গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড় কান্দি গ্রামের মোশারফ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শাহেদ চরবাউশিয়া বড় কান্দি গ্রাম সংলগ্ন গোমতী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায়।
এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আজাদ রহমান জানান, আমরা বিষয়টি অবগত আছি। নিহতের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।