রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৮

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় কাভার্ড ভ্যানচালক ও গাড়ির মালিক নিহত হয়েছেন, আর এ ঘটনা চট্টগ্রামের মীরসরাইয়ে। রবিবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুর রহিম (৪৭) ও মাসুম বিল্ল্যাহ (৪২)। আব্দুর রহিম কাভার্ড ভ্যানচালক।
তিনি পাবনার ঈশ্বরদী থানার বাবুছড়া গ্রামের আজহার আলী মিজানের ছেলে। মাসুম বিল্ল্যাহ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে এবং তিনি গাড়ির মালিক বলে জানা গেছে।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, রবিবার সকাল ৮টার দিকে মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেনে মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।