বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৫

হেরোইনসহ একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফরিদ আহমেদ নামে রাজশাহীতে ২৫ মামলার এক আসামিকে হেরোইনসহ গ্রেফতার করেছেন পুলিশ। ফরিদ মহানগরীর কাটাখালি থানার এমাদপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। কাটাখালি থানা পুলিশের একটি দল কাপাসিয়া সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। বুধবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জনাব, জামিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জনাব, জামিরুল ইসলাম জানান, ফরিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টিরও বেশি মামলা রয়েছে। বারবার তিনি মাদকদ্রব্যসহ গ্রেফতার হন। জামিনে মুক্তি পেয়ে আবার এ কারবারে জড়িয়ে পড়েন। তিনি চারঘাটের টাঙ্গন এলাকা থেকে হেরোইন নিয়ে কাপাসিয়া বাজারের দিকে আসছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় আরেকটি মামলা করা হয়েছে। ফরিদ টাঙ্গনের দুই ব্যক্তির কাছ থেকে এ হেরোইন সংগ্রহ করেছিলেন। মামলায় তাদের পলাতক আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর ফরিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।