রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯

আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নরসিংদীর মনোহরদী উপজেলার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র হাতিরদিয়া বাজারে। মঙ্গলবার ভোর পৌনে ৭টার দিকে জুতাপট্টিতে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ছাই হয়ে যায় ৯টি দোকান। মনোহরদী ও শিবপুর উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনোহরদী কার্যালয়ের উপকর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি এই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তখন মার্কেটের প্রায় সব দোকান আগুনে পুড়ে যায়।