রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯

এক কিশোরের মৃত্যু নসিমন উল্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কীর্তন দেখতে গিয়ে নসিমন উল্টে নাটোরের সিংড়ায় শ্রী সুজয় কুমার (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১০টায় উপজেলার পাকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজয় পার্শ্ববর্তী রানীনগর থানার বড়গাছা গ্রামের স্বপন কুমারের ছেলে।
স্থানীয়রা জানান, সুজয় সিংড়া উপজেলার ভোগা গ্রামের এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে প্রতিবেশীদের সঙ্গে নসিমনযোগে পাকুরিয়া গ্রামে হরিবাসরে কীর্তন দেখতে যাওয়ার পথে নসিমন উল্টে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি জনাব, আবুল কালাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই নিহতের বাবা স্বপন কুমার বাদী হয়ে সিংড়া থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা করেছেন। এ ঘটনায় চালক পলাতক থাকলেও নসিমনটি জব্দ করে থানায় আনা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।