ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শ্রীপুর থানায় প্রেমিক মাসুদসহ ৪ জনকে আসামি করে ওই কলেজছাত্রী অভিযোগ করেন। এর আগে বিয়ের দাবিতে প্রেমিক মাসুদের বাড়িতে অবস্থান নেন ওই কলেজছাত্রী।
অভিযুক্তরা হলেন, উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বরচালা পুবেরটেক গ্রামের মাসুদ হাসান (২৭), মাসুদের বন্ধু ও একই গ্রামের মো. সুমন (২৮), মো. হেলাল (২৭), মো. জাহিদুল ইসলাক রুবায়ের (২২)।
ভুক্তভোগী কলেজছাত্রী ও তার বাবা জানান, মাসুদ ওই কলেজছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। মাসুদের তিন বন্ধুর সহায়তায় একাধিকবার অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে ওই ছাত্রী মাসুদকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকার করেন। পরে ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক মাসুদের বাড়িতে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রেমিক মাসুদ ও তার তিন বন্ধুর বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান খান জানান, ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক মাসুদের বাড়িতে অবস্থান করছিলেন। জরুরি সেবা ৯৯৯ -এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় এবং তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগ তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।