বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩১

বই উদ্ধার ভাঙ্গারির দোকান থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাঙ্গারির দোকানে বিক্রির সময় রংপুরের পীরগাছায় বস্তাভর্তি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রায় ৪৪০ কেজি বই আটক করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় ক্রেতা সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাটসংলগ্ন এলাকা থেকে বইগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ২০২৪ শিক্ষাবর্ষের প্রায় ৪৪০ কেজি প্রাথমিকের নতুন বই বিক্রি করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক।
২০ টাকা কেজি দরে তা ক্রয় করেন ভাঙ্গারি ব্যবসায়ী সাইফুল ইসলাম। পরে বস্তায় ভরে বইগুলো ভ্যানে করে নিয়ে যাওয়ায় সময় পাওটানা হাটসংলগ্ন এলাকায় তাঁকে আটক করেন স্থানীয়রা।
আটক সাইফুল ইসলাম বলেন, বইগুলো তাঁর কাছে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রি করেন এবং বই নেওয়ার সময় যেন কেউ না দেখতে পায় সে বিষয়েও সতর্ক থাকতে বলেছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৪৪০ কেজি বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সত্যতা পাওয়ায় সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে প্রতিবেদন পাঠিয়েছি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুশান্ত কুমার সরকার জানান, এ ঘটনায় বাইয়ের ক্রেতাকে আটক করা হয়েছে এবং প্রধান শিক্ষককে আটকের জন্য অভিযান চলছে।