ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টাকার সঙ্গে ডলার অদলবদল (সোয়াপ) পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক আর এ পদ্ধতি টাকার চলমান সংকট কাটাতে। প্রথমবারের মতো নতুন এই প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডলার ও টাকা অদলবদল করার সুযোগ পাবে।
গতকাল বৃহস্পতিবার ব্যাংকগুলোকে এসংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ ব্যবস্থা প্রজ্ঞাপন জারির পরপরই কার্যকর বলে বিবেচিত হবে।
এই পদ্ধতিতে সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য টাকা-ডলার অদলবদলের ব্যবস্থা চালু করা হয়েছে।
বর্তমানে বাজারে টাকা ও ডলার উভয় মুদ্রার সাময়িক সংকট তৈরি হয়েছে। সংকট মেটাতে এ ব্যবস্থা করা হয়েছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ব্যাংকগুলো থেকে অদলবদল করে ডলার নেবে বাংলাদেশ ব্যাংক। এতে তুলনামূলক কম সুদ ও সহজ শর্তে অদলবদলের সুযোগে বাজারে তারল্য সংকট কমতে পারে এবং রিজার্ভ কিছুটা বাড়তে পারে। বিশ্বের বহু দেশেই এই ব্যবস্থা চালু আছে। দেশে এবার প্রথম এই পদ্ধতিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।