বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৩

কয়েক জেলায় শৈত্যপ্রবাহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়েছে। এর মধ্যে ঢাকা রাজধানীসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। আর চুয়াডাঙ্গাসহ দক্ষিণের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ হয়েছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে অন্তত ১০ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার মধ্যে মাঘের শীতে এই বৃষ্টি বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার ফলে আগামীকাল থেকে কুয়াশা কাটতে শুরু করবে। তবে বৃষ্টির পর শীতের তীব্রতা শিগগিরই কমবে না।
আজ দেশের তাপমাত্রা আরও কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বান্দরবান ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের প্রতিটি স্থানেই আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পুরো বিভাগেই আজ তাই বইছে শৈত্যপ্রবাহ। রংপুরের আট জেলা ছাড়া শৈত্যপ্রবাহের এলাকার মধ্যে আছে কিশোরগঞ্জ ও নওগাঁ।