ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে জসিম মুন্সি (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আব্দুল আলিম নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার রাত ৯টার দিকে মাওয়া-ভাগ্যকুল সড়কের শ্রীনগর উপজেলা কবুতরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জসিম মুন্সি উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত সালাম মুন্সির ছেলে।
নিহতের বড় ভাই উজ্জ্বল মুন্সি জানান, দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়া সেরে তার ভাই জসিম মুন্সি বাড়ি থেকে অটোরিকশা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়। রাত ৯টার দিকে কবুতরখোলার এক ব্যক্তি মোবাইল ফোনে সংবাদ দেয় তার ভাইকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ওসি জনাব, আব্দুল্লাহ আল তায়াবীর জানান, হাসপাতাল থেকে নিহত জসিমের লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আব্দুল আলিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।