ডেইলি ক্রাইম বার্তা : দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালিয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দুদকের বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব, এইচ.এম. আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু করা হয়। সেবা প্রত্যাশীদের দেওয়া সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ অভিযানে পাসপোর্ট ও ভিসা অফিসে আসা একাধিক সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা। সেবাপ্রত্যাশীরা জানান, আবেদনপত্র গ্রহণে হয়রানি, ভুল নির্দেশনা দিয়ে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরানো, অফিসের বাইরের নির্ধারিত দোকান দিয়ে আবেদন করাতে বাধ্য করা এবং দালালদের দৌরাত্ম মারাত্মক আকার ধারণ করেছে।
হিজলা থেকে আসা শাকিল বলেন, তিন মাস আগে আমি পাসপোর্টের আবেদন করে সেই পত্র জমা দিতে এসে হয়রানির শিকার হয়েছি। সরকার নির্ধারিত টাকার চেয়ে দুই হাজার টাকা বেশি দিয়ে অবশেষে আজ আমি পাসপোর্ট হাতে পেয়েছি। বরিশাল পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কাজ করা প্রায় অসম্ভব।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জনাব, এইচ.এম. আক্তারুজ্জামান বলেন, দুদক হেডকোয়ার্টার থেকে এনফোর্সমেন্ট অভিযানে আমরা এসেছি। একজন সেবাগ্রহীতা বরিশাল পাসপোর্ট অফিসের বিরুদ্ধে, এখানকার কর্মকর্তা-কর্মচারী ও দালালদের দৌরাত্মে হয়রানি, পাসপোর্ট পেতে ভোগান্তি ও আর্থিক লেনদেনের অভিযোগ দিলে আমরা অভিযান পরিচালনা করি। আমরা অনিয়মের চিত্র দেখতে পেয়েছি। এখানে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। অনিয়ম রোধে সেবা প্রত্যাশীদের সচেতন করেছি, পাসপোর্ট অফিসের দায়িত্বরত যুগ্ম-পরিচালককে পরামর্শ দিয়েছি অনিয়ম বন্ধে তিনি যেন কার্যকর ভূমিকা রাখেন। যুগ্ম পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন তিনি অনিয়ম-দুর্নীতি বন্ধে আরও কঠোর হবেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”