শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

ট্রাকচাপায় এক কিশোর নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রাকের নিচে চাপা পড়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল-আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম বিপুল মিয়া (১৫)। সে বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়ার লক্ষ্মীমোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত যুবকের নাম রাঙ্গা মিয়া (১৮)। সে একই গ্রামের সোবাহান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিপুল ও রাঙ্গা মোটরসাইকেলে বাড়ি থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিলেন। তারা ঘুন্টিঘর নামক এলাকায় পৌঁছলে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর-বোঝাই একটি ট্রাক পেছন থেকে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বিপুল মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা রাঙ্গাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথচারী ও স্থানীয়রা ট্রাকটি আটক করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, রুহুল আমিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।