বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৪

হত্যার ঘটনায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ জানুয়ারি) জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মামলার প্রধান আসামি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতম পাড়ার মৃত মো. খোরশেদ আলীর ছেলে মো. কাছম আলী (৫৫), তার ভাই জামান মিয়া (২৭) ও একই এলাকার ডাক্তার আলীর ছেলে মো. রিয়াদ মিয়া (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জনাব, মো. মশিহুর রহমান সোহেল।
র‌্যাব জানায়, ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে গত বছরের ৪ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি পেট্রোল পাম্প এলাকায় ট্রাকচালক শফিকুল ইসলাম শফিককে (২৫) এলোপাথাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান আসামিরা। গুরুতর আহত অবস্থায় শফিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শফিক ওই এলাকার মো. ধন মিয়া খন্দকারের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে র‌্যাব।
মঙ্গলবার তিন আসামিকে গ্রেফতার করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।