ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, কুয়াশার কারণে দিনের বেলা রোদ কম পাওয়া যাচ্ছে। এতে ভূপৃষ্ঠের তাপমাত্রা খুব একটা কমছে না। যে কারণে শীতের অনুভূতি বেশি থাকছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী দুইদিন কুয়াশা ও শীতের অনুভূতি বাড়তে পারে। আগামীকাল বৃহস্পতিবার উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আজ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। কুয়াশার কারণে সারাদেশে দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।