ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক-অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষে আত্বীয় বাড়ি থেকে ফেরার পথে মানিকগঞ্জে অটোরিক্সা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ওসি জনাব, মো. হাবিল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত ও আহত সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী। নিহত অটোরিক্সার চালকের নাম শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। নিহত অন্য দুজন হলেন, জসিম তালুকদার (৪৫) ও তার নাতিন- ইয়াসিন (৫)।
আহতরা সবাই মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশংকাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপালটির মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।