শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৬

বড় ভাই খুন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে বিরোধের জেরে পঞ্চগড়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুল দানেস (৪৭) নামে বড় ভাই খুন হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ছোট ভাই আবু বক্কর সিদ্দিককে (৪৫) গ্রেপ্তার করেছে। তারা দুজনই ওই এলাকার খতির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবার মৃত্যুর পর দানেস তার ৪ ভাই ১ বোনের মধ্যে জমি ভাগ বাটোয়ারা করে নেন। ছোট ভাই আবু বক্কর সিদ্দিক তার নিজের ভাগের জমি বিক্রি করে আবার নতুন করে বড় ভাই দানেসের কাছে জমি দাবি করতে থাকে।
শনিবার আবারো বড় ভাই দানেসের কাছে জমি দাবি করতে গেলে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। ঝগড়ার একপর্যায়ে হাতে থাকা ধারাল ছুরি দানেসের পেটে ঢুকিয়ে দেয় ছোট ভাই সিদ্দিক।
গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দানেসের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠায়। একই সঙ্গে সিদ্দিককে গ্রেপ্তার করেন।
বোদা থানার ওসি জনাব, মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।