ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক ঘটনায় ভোলায় পুকুরের পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী যুবক ও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোলা সদর ও লালমোহন উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাকপ্রতিবন্ধী যুবকের নাম তানজিম হোসেন (২২)। তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রামের মাহবুব আলমের ছেলে। নিহত শিশু সাজেদুল ইসলাম রাব্বি (২) সদর উপজেলার ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
শিশু রাব্বির দাদা শাহেদ জানান, বিকেল ৩টার দিকে রাব্বি খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। স্বজনরা তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এসমএ মাহবুবু উল-আলম বলেন, বাকপ্রতিবন্ধী তানজিম সাঁতার কাটতে জানত না। বাড়ির পুকুরে ডুবে তিনি মারা যান।