শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৮

দাম কমতে শুরু করেছে পেঁয়াজের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের পণ্যটির দাম কমতে শুরু করেছে, বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায়। সংশ্লিষ্টরা বলেছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বেশি দামের আশায় অনেক কৃষক আগাম জাতের এই পেঁয়াজটি আগেভাগেই তুলে বাজারে সরবরাহ করছেন। এছাড়া, সরকার যেভাবে সারা দেশে কঠোর অভিযান শুরু করেছে তাতে অসৎ শ্রেণির ব্যবসায়ীরা বেশি মুনাফার লোভে গুদামে পেঁয়াজ রাখতে সাহস করছেন না।
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, গতকাল সোমবার রাজধানীতে নতুন পেঁয়াজ ১২০ থেকে ১৮০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও বাজারে আরও বেশি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। তবে গত রবিবারের বাজারদরের চেয়ে তা বেশ কম। গত শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে সেদিন থেকেই পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়তে থাকে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৫০ টাকায় ও আমদানিকৃত পেঁয়াজ ২১০ টাকায় উঠে যায়। যা তার আগের দিনের চেয়ে কেজিতে প্রায় ১০০ টাকা বেশি।
ভারত থেকে আবারও পেঁয়াজের আমদানির খবরে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। গতকাল দিনাজপুরের হিলিতে কেজিতে অন্তত ২০ টাকা করে কমেছে। বর্তমানে বন্দরের মোকামে ভারতীয় আমদানি করা পেঁয়াজ ১৬০ টাকা, দেশি মুড়িকাটা পেঁয়াজ ১২০ টাকায় এবং দেশি শুকনো পেঁয়াজ ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল হিলি স্থলবন্দরের মোকাম থেকে এ তথ্য পাওয়া গেছে।