শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১০

কলেজছাত্র নিহত দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘন কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদারীপুরের শিবচরে নির্মাণাধীন ব্রিজের নিচে খাদে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী তার খালাতো ভাই আহত হয়েছেন।
গতকাল রবিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকায় মামা টিপু মিয়ার বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা শিকার লোকজন হলো, নিরব মোল্লা (২২) ও তার খালাতো ভাই সাজ্জাদ হোসেন আশিক (২৪)। নিরব জেলার রাজৈর উপজেলার সানেরপাড় গ্রামের নূর আলম মোল্লার ছেলে এবং সাজ্জাদ হোসেন আশিক একই গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে। নিরব স্থানীয় একটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাশ করে স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে আশিকের বোনের বাড়ি একই উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর ঢালী কান্দি গ্রামে ফিরছিলেন তারা। মোটরসাইকেলটি চরশ্যামাইল এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের নিচে গভীর খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নিরব ও আশিককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। পরে আশিককে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশিকুল হক বলেন, গুরুতর অবস্থায় দুজনকে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার পূর্বেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।