ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে, জলীয় বাষ্প ও মেঘ তৈরি হওয়ায় গত কিছুদিন ধরেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। ফলে এবার সারা দেশে শীত আসতে আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। সেই সঙ্গে এ বছর আবহাওয়ার বিশেষ ধরন এল নিনো সক্রিয় থাকায় অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি থাকছে। এসব কিছু বিবেচনায় নিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এবার শীতকালের স্থায়িত্ব বা ব্যাপ্তিকাল অন্যান্যবারের তুলনায় কিছুটা কম হতে পারে।
শীত মৌসুমে অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রাও কিছুটা বেশি থাকতে পারে।
গত ২৭ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয় যা পরবর্তীতে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড় মিগজাউমে রূপ নেয়। এর প্রভাবে নভেম্বরের শেষদিকে ও চলতি মাসের প্রথম সপ্তাহের প্রায় পুরোটা জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ছিল। তবে গত দুইদিন বৃষ্টি হওয়ায় আকাশের মেঘ ও বাতাসের জলীয়বাষ্প কেটে যাচ্ছে বলে জানান আবহাওয়াবিদরা।