ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কেজি ৬৩৫ গ্রাম ওজনের স্বর্ণের গহনাসহ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকা থেকে আবু সহিদ (৪৩) নামের এক পাচারকারীকে আটক করেছেন ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ ডিসেম্বর) তাকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব, নাজিম উদ্দিন আল-আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার পরাণপুর-লোকনাথপুর সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় আবু সহিদ মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দর্শনা থেকে পরাণপুর-লোকনাথপুর সড়ক হয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় তার গতিরোধের চেষ্টা করে ডিবি পুলিশ। কৌশলে তিনি পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে।
তিনি আরো বলেন, সহিদের শরীর তল্লাশি করে জ্যাকেটের পকেট থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬টি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেট গুলো খুললে সেখান থেকে অবৈধ সোনার গয়নার সন্ধান মেলে।
উদ্ধার হওয়া এক কেজি ৬৩৫ গ্রাম ওজনের সোনার গয়নার আনুমানিক মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।