ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় ৮ ও ৬ বছর বয়সী দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার মাইজপাড়া গ্রামের চৌধুরী প্রবাসী নাসিরের ছেলে আব্দুর রহমান (৮) ও মেয়ে সাবা (৬)। তবে আহত শিশুর নাম ও পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইকবাল বাহার মজুমদার বলেন, সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার স্থানীয় কিছু শিশু কক্সবাজারগামী ট্রেন দেখতে রেললাইনে গিয়েছিল। তারা ট্রেন দেখে ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় একটি পরিবহনের বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু এবং দুই শিশু আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও এক শিশুকে মৃত ঘোষণা করেন। এ সময় চালক দুর্ঘটনাকবলিত বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যান।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।