ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌতুকের দাবি পূরণ করতে না পারায় কিশোরগঞ্জের তাড়াইলে স্বামী জিয়া উদ্দিনের (২৬) হাতে বিয়ের মাত্র ছয় মাসের মধ্যে নৃশংসভাবে খুন হন রেখা আক্তার (২০)। ২০০৬ সালের ১৪ই জুলাই রাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় জিয়া। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি জিয়া উদ্দিনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ১৭ বছরেরও বেশি সময় দেশের বিভিন্ন স্থানে নাম ও ঠিকানা পাল্টে নিজেকে আইনের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে জিয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। গত সোমবার র্যাবের জালে আটকা পড়ে সে। ঢাকা মহানগরের কদমতলী থানার মেরাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
জিয়া মিঠামইন উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। অন্যদিকে নিহত রেখা আক্তার তাড়াইল উপজেলার হাতকাজলা গ্রামের মো. হারেছ মিয়ার মেয়ে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার জনাব, মো. আশরাফুল কবির জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিয়া উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।