শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৩

দুই বছরের কারাদণ্ড প্রতারণার দায়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফেসবুক থেকে (সামাজিক যোগাযোগ মাধ্যম) লুঙ্গি কিনে মূল্য পরিশোধ না করে প্রতারণার দায়ে আমজাদ হোসেন কিরন (৪৪) নামে এক ব্যক্তিকে জেল জরিমানা করেছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জনাব, মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন কিরন (৪৪)।
যশোর শহরের ঘোষপাড়া বিবি রোডের বাসিন্দা তিনি।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলার বাদীর নাম বুলবুল হোসেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তার বাড়ি। বুলবুল লুঙ্গি উৎপাদন করেন।
ফেসবুকের মাধ্যমে তিনি লুঙ্গির অর্ডার নিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েও থাকেন। আসামি আমজাদ হোসেন ২০২০ সালের মে মাসে ফেসবুকের মাধ্যমে বুলবুলের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩ লাখ ৩২ হাজার ২৮২ টাকার লুঙ্গি নিয়েছিলেন। কিন্তু তিনি মূল্য পরিশোধ না করে প্রতারণা করেন। এ অভিযোগে ওই বছরের ২৪ জুলাই বেলকুচি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন বুলবুল।
আদালতে বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে দুটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার প্রতি ৫ লাখ টাকা পরিশোধ না করলে আরও তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আর দুটি ধারার কারাদণ্ড একসঙ্গে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।