শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫২

গ্যাং লিডারসহ কয়েকজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিশোর গ্যাং লিডারসহ ঢাকা নারায়ণগঞ্জ থেকে পাঁচ জনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, একটি নাকোল ডাস্টার ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আলতাফ হোসেন হৃদয়, রিফাত মিয়া, ফয়সাল, সানি এবং রবিন।
গতকাল বুধবার র‌্যাব-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব-১১ থেকে আরও জানানো হয়, গত মঙ্গলবার রাতে শহরের নিমতলা এলাকায় শ্রীশ্রী শীতলা মায়ের মন্দিরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের কাছ থেকে চাঁদা দাবি করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবির উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর অপরাধ সংঘটন করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে।