ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছেন র্যাব-১৫, আর এ ঘটনা কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জাপাড়া এলাকায়।
আটককৃত মাদক কারবারীরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জাপাড়ার মোঃ মমতাজ মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২০) ও একই ইউনিয়নের বাহারছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ জিয়াবুল করিম প্রকাশ কাশেম (২০)।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) জনাব, মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে র্যাব-১৫ কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুড়াবুইজ্জাপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি-১ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ মিজানুর রহমান এবং মোঃ জিয়াবুল করিম প্রকাশ কাশেম নামে দুইজন কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।