ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রলার চোর সন্দেহে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় গণপিটুনিতে মিলন চন্দ্র হালদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) কালকিনি উপজেলার কোলচোরি সস্তাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন চন্দ্র হালদার বরিশালের পিরোজপুরের কাউখালির হরিণদ্বারা এলাকায় কুট্টি চন্দ্র হালদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কালকিনির আলীনগর ইউনিয়নের কোলচোরি সস্তাল এলাকার মৃত আনোয়ার খাঁর ছেলে ট্রলার মালিক নাহিদুল খাঁকে (৪২) আটক করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার ভোরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রাজারচরের আড়িয়াল খাঁ নদে নাহিদুল খাঁর বেঁধে রাখা ট্রলারের শিকল খুলে ট্রলার নিয়ে রওনা দেন চার/পাঁচজন অজ্ঞাত ব্যক্তি। বিষয়টি টের পেয়ে আরেকটি ট্রলার নিয়ে ধাওয়া দেন স্থানীয়রা।
কিছুদূর গিয়ে আটক করা হয় মিলন চন্দ্র হালদার নামে এক যুবককে। এ সময় তাকে ধরে কোলচোরি সস্তাল এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা।
পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে মিলন গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থল থেকে সটকে পড়েন তারা। পরে খবর দেওয়া হয় কালকিনি থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিলনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, নিহত মিলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
কালকিনি থানার ওসি জনাব, মো. নাজমুল হাসান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।