ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আবদুর রহমান (২৮) ও মো. সোহাগ (২২) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা বাজার চৌধুরী বাড়ীর সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান কামতা এলাকার ফনিশাইর গ্রামের মো. আবু তাহের মিয়ার ছেলে এবং সোহাগ একই গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। আবদুর রহমান পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন। আর সোহাগ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হবে।