ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের সালথায় হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। আজ রবিবার (২২ অক্টোবর) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হাসিনা বেগম উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামের জব্বার মুন্সীর স্ত্রী। সকালে ফরিদপুর সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (২১ অক্টোবর) রাতে হাসিনা বেগম নামে এক গৃহবধূ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে সেখানে তিনি মারা যান।