শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮

সড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সাথে নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: আব্দুল মতিন (৩০) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে ।
নিহত আব্দুল মতিন উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের মরহুম কলিম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মান্দার ভালাইন গ্রাম থেকে নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে মহাদেবপুর-ছাঁতরা আঞ্চলিক সড়কের চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের পাশে আসতেই একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে উঠানোর সময়ই তিনি মৃত্যু বরণ করেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসককে ডাকলে তিনি তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।