শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৩

নিষেধাজ্ঞা শুরু এবং ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত ৩২ টি পয়েন্ট।

ডেইলি ক্রাইম বার্তা : টানা ২২ দিনের মাছ না ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে ইলিশ রক্ষায় আজ বুধবার মধ্যরাত থেকে। প্রজনন নিরাপদ করতে আশ্বিন মাসে অমাবস্যা ও পূর্ণিমা মাঝে রেখে প্রতিবছর এই বিধিনিষেধ জারি করে মৎস্য অধিদপ্তর।
এ বছর নদ-নদীর ৩২টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে মৎস্য অধিদপ্তর।
এসব ঝুঁকিপূর্ণ স্থানে বাড়তি নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বরিশাল বিভাগসহ দেশের উপকূলীয় এলাকার এ ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো হলো,
বরিশালের হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নের আসলি-আবুপুর, হিজলা-গৌরবদী ইউনিয়নের ওরাকুল মাছঘাট, খালিসপুর-জানপুর, মেহেন্দিগঞ্জের গজারিয়া ও কালাবদর নদীর বাগরজা এলাকা, মেঘনার গোবিন্দপুর, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন সংলগ্ন ঝুনাহার মোড় এবং মুলাদীর আড়িয়াল খাঁ নদী, চাঁদপুর সদরের রাজরাজেস্বর, লক্ষীপুর ইউনিয়নের বহরিয়া, হাইমচরের সাহেবগঞ্জ, উত্তর মতলবপুরের বোরোরচর, লক্ষীপুর ইউনিয়নের রায়পুর উপজেলার চরবংশি ইউনিয়নের নামারঘাট, চান্দারখাল, কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাট, শরিয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর লেকুবেপারীর ঘাট, সুরেশ্বর বাংলাবাজার খালের মুখ, ইশ্বরকাঠী খালেরমুখ, মোক্তারের চর, খাসবাজার, বাবুরচর, জাজিরা উপজেলার পাইনপাড়া, মাঝিরঘাট, পূর্বনা, ডোবা, বাবুরচর, কুন্ডেরচর, ছিডারচর, শফিককাজীর মোড়, গোসাইহাট উপজেলার বাংলাবাজার খাল, জৈয়ন্তি নদী, কুচাইপট্টি ইউনিয়ন সংলগ্ন মেঘনা বিষকাঠালিয়া-মেঘনার অববাহিকা, ঠান্ডারবাজার ও টেকপাড় মৎস্য আড়ত সংলগ্ন খাল, গোসাইরহাট-হাইমচর-চাঁদপুর সীমানার মেঘনার ৬০০ মিটার, ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর কাঁচিকাটা, দেওয়ানগঞ্জ ও মোল্লা বাজার।
মেঘনা ঘেরা মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, নিষেধাজ্ঞাকালীন নৌ-পুলিশের অতিরিক্ত ২০ জন ফোর্স দেওয়া হয়েছে। নৌ-বাহিনী ঝুঁকিপূর্ণ এলাকায় সার্বক্ষণিক টহলে থাকবে।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এবার যৌথবাহিনীর টহল বজায় থাকবে। এসব ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিয়েছি। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক উপজেলা ও জেলায় একটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। ইতিমধ্যে ৩২ জন কর্মকর্তাকে বরিশালে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”