ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মালবাহী ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে চালক ও সহকারী চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত দুইজন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফখরুদ্দিন।
আজ বৃহস্পতিবার ভোরে বেলাব উপজেলার নারায়ণপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা ট্রাক ও কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পেছনের কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই পেছনের কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
কাভার্ড ভ্যানের চালক ও সহকারী ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসেন।
ভৈরব হাইওয়ে থানার (অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপপরিদর্শক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।