ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুলবুল হাসান (২১) নামে নাটোরের বড়াইগ্রাম থেকে এক যুবককে আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে থেকে চার রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আটক যুবক ডাকাত চক্রের সদস্য।
আটক বুলবুল হাসান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকুশা গ্রামের বাসিন্দা।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল জব্বার জানান, মাঝগাঁও তিরাইল পূর্বপাড়া গ্রামের রাশেদুল হোসেন তার পুকুরের মাছ পরিচর্যা শেষে বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওই মহাসড়কের মাঝগাঁও সূতিরপাড় এলাকায় ফিডার রোডে চারজন ডাকাত অস্ত্র দেখিয়ে সড়ক অবরোধ করে। তারা রাশেদুলের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। পরে বড়াইগ্রাম থানার পুলিশ ঘটনা জানতে পেরে রাতেই অভিযানে নামে। পরে কলাবাগান এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত চক্রের সদস্য বুলবুল হাসানকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবু সিদ্দিক জানান, ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক যুবক ডাকাত চক্রের একজন সদস্য। অন্যদের ধরতে পুলিশের টিম কাজ করছে।