ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চুরি হওয়া মোটরসাইকেল কয়েক হাত ও জেলা ঘুরে পাওয়া গেল নীলফামারীর সৈয়দপুরে এবং এ মোটরসাইকেল ঢাকার আশুলিয়া থেকে চুরি হয়েছিল। হাতে নাতে গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা শাহ আলম (৪০) নামে একজনকে। তার কাছ থেকেই উদ্ধার হয় মোটরসাইকেলটি। পরে তাকে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার আসামিকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে ২৮ আগস্ট আশুলিয়ার কলতাসুতী এলাকার বাড়ির গেট ভেঙে ১৫০ সিসির ইয়ামাহা ফেজার মডেলের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
গ্রেফতার আসামি শাহ আলম নীলফামারীর সৈয়দপুর থানার কুন্দল পশ্চিমপাড়া গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার শাহ আলম সক্রিয় মোটরসাইকেল চোরের দলনেতা। মূলত মোটরসাইকেলটি চুরি করে প্রথম গ্রুপটি দিনাজপুর নিয়ে যায়। পরে দিনাজপুর থেকে আরেকটি গ্রুপ হয়ে সৈয়দপুরে শাহ আলমের কাছে পৌঁছায়।
এই চক্রের অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।