বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৭

বৃষ্টি বাড়ার সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কয়েক দিন ধরেই বিচ্ছিন্নভাবে মৃদু তাপ প্রবাহ বয়ে গেছে দেশের বেশ কয়েকটি জেলায়। তবে গতকাল মঙ্গলবার তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা বেড়েছে অনেকটাই। এ সময় ৩১ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। তবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ও মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আজ বৃষ্টি বাড়তে পারে এবং তা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ফলে তাপপ্রবাহ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফেনী ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আজ এই তাপপ্রবাহ কোনো কোনো জায়গায় কমতে পারে।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন অন্ধ্র-ওড়িশা উপকূলের নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।
সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে আজ বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, লঘুচাপের প্রভাবে আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এতে তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা কমে আসতে পারে।