ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে লিপি খাতুন নামের একজন মহিলা ট্রাকের ধাক্কায় মারা যান। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান মোড়ে নাটোর-পাবনা সড়কে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই ছেলেমেয়েসহ লেগুনার পাঁচ আরোহী। নিহত লিপি খাতুন লালপুর উপজেলার কদিমচিলান এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে লিপি খাতুন নিজ বাড়ি থেকে লেগুনায় পাবনার ঈশ্বরদী উপজেলা সদরে ইপিজেডে কাজ করার উদ্দেশে বের হন। লেগুনায় ওঠার পরপরই পাবনার দিক থেকে আসা একটি ট্রাক লেগুনায় ধাক্কায় দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান লিপি খাতুন। আহত হন তাঁর দুই সন্তানসহ লেগুনার পাঁচ আরোহী। আহত ব্যক্তিদের উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও লেগুনা জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।