ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৭ কেজি গাঁজাসহ ফেনীতে মো. শাকের (৩২) নামক একজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন র্যাব। বুধবার (২৩ আগস্ট) রাতে নোয়াখালী-ফেনী মহাসড়কের পাঁচগাছিয়া বাজার নামক স্থানে গাড়িতে উঠার সময় তাকে দুই বস্তা গাঁজাসহ আটক করা হয়।
সে কক্সবাজারের টেকনাফ উপজেলার মোছনী আরআরসি ক্যাম্প, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের শরনার্থী মো. হোসেনের ছেলে।
র্যাব-৭, ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারি নোয়াখালী- ফেনী মহাসড়কের ফেনীর পাঁচগাছিয়া বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছে। র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে দুই বস্তাসহ একজনকে আটক করেন এবং বাকিরা কৌশলে পালিয়ে যায়, পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ওই নাগরিকের সঙ্গে থাকা দুইটি বস্তার ভেতর থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত শাকের জানান, সে একটি সংঘবদ্ধ দলের সঙ্গে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক জনাব, মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কথা জানান।
ফেনী মডেল থানার অফিস ইনচার্জ জনাব, মো. সহিদুল ইসলাম চৌধুরী রোহিঙ্গা নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।