ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘি-এর কৃত্রিম সুগন্ধি মিশিয়ে পামওয়েল ও ডালডার সাথে তৈরি করা হয় নকল গাওয়া ঘি। প্রতিদিন ২০ থেকে ৩০ মণ পরিমাণ এই নকল ঘি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চটকদার মোড়কে বিক্রির জন্য পাঠানো হয়। গভীর রাত হলেই একাধিক পিকআপ ভ্যান এসব ঘি নিয়ে যায়। পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের হাড়োপাড়া মহল্লায় শনিবার (১৯ আগস্ট) মধ্যরাতে এমন একটি নকল ঘি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
পরে ভাঙ্গুড়া থানা পুলিশ কারখানায় গিয়ে এসব নকল ঘি তৈরির উপকরণ শনাক্ত করেন।
জানা যায়, ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর-ভবানীপুর সড়কের পাশে হাড়োপাড়া ও ভবানীপুর গ্রামে অন্তত ২০টি ঘি ও ছানা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে।
তাই এই এলাকাটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুগ্ধ জাতীয় পণ্য ঘি কিনতে আসেন অনেকে। দেশে পাবনার ঘিয়ের ব্যাপক চাহিদা থাকায় এই এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা নকল ঘি তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছেন। একই সাথে এলাকার অনেক দুগ্ধ খামারি সয়াবিনের তেল, চিনি ও কস্টিক সোডা মিশিয়ে নকল দুধ তৈরি করেও বিভিন্ন প্রতিষ্ঠিত কম্পানিতে সংশ্লিষ্টদের যোগসাজশে বিক্রি করছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, রাশেদুল ইসলামসহ পুলিশের একটি টিম অনুসন্ধানে আসলে পালিয়ে যান কারখানার কর্মচারীরা। তবে পুলিশ সে সময় কারখানায় গিয়ে ডালডা, নকল ঘি এবং ব্লেন্ডার মেশিন পান।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রাশেদুল ইসলাম বলেন, সোহাগ নামে এক ব্যক্তির একটি কারখানায় ডালডাসহ নকল ঘি তৈরির উপাদান পাওয়া যায়। তবে আমরা পৌঁছানোর আগেই কারখানার ব্যবস্থাপকসহ অন্যরা পালিয়ে যায়। এখন ঊর্ধ্বতন দপ্তরের পরামর্শে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।