শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪১

র‍্যাবের হাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক মামলায় নওগাঁ শহর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫। আজ বৃহস্পতিবার ভোরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরিফ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকার মো. রাহেদুলের ছেলে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফ হোসেন নিষিদ্ধ মাদক ফেন্সিডিল চোরাচালানের সময় ২০০৯ সালে ২৬ জুন জয়পুরহাট জেলার কালাই থানায় গ্রেপ্তার হন। এর কিছুদিন পর তিনি জামিনে বের হন। এরপর প্রায় ১৪ বছর তিনি পলাতক ছিলেন। ২০২৩ সালের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজার রায় দেন। এরপর আরিফকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যথাযথ আইনগত ব্যবস্থা নিতে তাকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করেছেন র‍্যাব।