ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হজ্বযাত্রীর হজ্বের টাকা আত্মসাৎকারীর হোতা অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রোববার ঢাকা রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় র্যাব-২ ও র্যাব-৯ এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার সকালে র্যাব-২ এর এএসপি জনাব, শিহাব করিম (সহকারী পরিচালক মিডিয়া) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজ্ব পালনে সৌদি আরবে যাওয়ার জন্য ঢাকা রাজধানী কুড়িল এলাকার একটি ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জন হজ্ব প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন। কিন্তু হজ্বে না পাঠিয়ে প্রায় ৩ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তারা।
এদিকে হজ্বের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচের অধিক মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে চাঞ্চল্যকর এ ঘটনার ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে র্যাব। এরপর গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল র্যাব-৯-এর তথ্য সহায়তায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেফতার করেন।
র্যাব জানিয়েছে, আসামি অহিদুল আলম ভূঁইয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। অহিদুল আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।