শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৯

দুই যাত্রী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যশোরের অভয়নগরে দুই যাত্রী নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। রোববার (১৩ আগস্ট) বিকালে যশোর-খুলনা মহাসড়কে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের সাহিদা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামের মৃত ছবেদ আলী মোল্যার ছেলে সৈয়দ মোল্যা (৬১) ও অভয়নগরের সুন্দলী ইউনিয়নের অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছে পুলিশ। আটক হেলপার নয়ন আলী (২১) নওগাঁ জেলার নেয়ামতপুর উপজেলার খুনমহিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে যশোরগামী বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত পাঁচজন যাত্রীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপার নয়ন আলীকে এলাকাবাসী আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি জনাব, হামিদ উদ্দীন আহম্মেদ জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় মিলেছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেলেও নয়ন আলী নামে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।