ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ব্যবসা প্রতিষ্ঠানে দধির মধ্যে চুল ও পোকা পাওয়ায় এবং মূল্য তালিকা না থাকায় দুই ডিম বিক্রেতাসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে চাঁদপুর শহরের পালবাজার এলাকায়। শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, নূর হোসেন রুবেল বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ডিমের দাম ক্রয়সীমায় রাখার জন্য ভোক্তা অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বিশেষ বাজার তদারকির অংশ হিসেবে শহরের পুরান বাজার ও পাল বাজার এলাকায় আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা, ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার চেক করা হয়। এর মধ্যে মূল্য তালিকা না থাকায় মেসার্স কাউছার ট্রেডার্সকে ৩ হাজার টাকা, ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং স্পেশাল দধিতে পোকা ও চুল পাওয়ায় জেনিথ সুইটস ও বেকারির মালিককে ১০ হাজার টাকাসহ সর্বমোট তিন প্রতিষ্ঠাকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর মডেল থানা পুলিশ এবং জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।