ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিলগালা করে দেওয়া হয়েছে চাঁদপুরে পরিচিত ও প্রসিদ্ধ কম্পানির নাম ভাঙিয়ে নকল ও ভেজাল উপকরণ দিয়ে জর্দা তৈরির কারখানাকে। এই ঘটনায় জড়িত কারখানার মালিককে নগদ ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (৭ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের সকদী পাঁচগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে ধরা পড়ে এই নকল জর্দা তৈরির কারখানা।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, সুদীপ্ত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির উপপরিদর্শক মাজহারুল হক একদল পুলিশ নিয়ে নকল জর্দা তৈরির কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় ১৭ বস্তা জর্দা তৈরির উপকরণ, কাটিং মেশিন ও বিপুল পরিমাণ টিনের কৌটা জব্দ করা হয়।
অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোহাম্মদ হেদায়েত উল্লাহ শ্রাবণ জানান, কারখানার মালিক রিপন মিজি (৩৫) নকল ও ভেজাল উপকরণ মেশানো জর্দা তৈরির কথা স্বীকার করেন। তাই অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে নগদ ৩ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদানের আদেশও দেওয়া হয়।
একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
এদিকে, চাঁদপুরের পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সমাজের সব ধরনের অপরাধ নির্মূলের সঙ্গে নকল ও ভেজালের বিরুদ্ধেও পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।