রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২৩

দুই বন্ধুর মৃত্যু হাওরে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক বন্ধুর বিয়েতে গিয়ে কিশোরগঞ্জে হাওরে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে করিমগঞ্জ উপজেলার গুনধর বাজার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর মাইজদী এলাকার কামাল উদ্দিনের ছেলে শরফুদ্দিন রাফু (২৪) ও পটুয়াখালীর লাল মিয়ার ছেলে লিমন ইসলাম (২৩)।
তাদের বন্ধু জুনায়েদ ও রাফি জানান, রাফু ঢাকা কলেজের শিক্ষার্থী আর লিমন মু‌ন্সিগঞ্জ প‌লি‌টে‌নি‌কের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, গত শনিবার করিমগঞ্জের গুনধর ইউনিয়নের কদিম মাইজহাটি গ্রামে সায়েম উদ্দিনের ছেলে তৌকিরের বিয়েতে এসেছিলেন বন্ধুরা। মঙ্গলবার দুপুরে বৌভাতের অনুষ্ঠান ছিল। এর আগে, বেলা ১২টার দিকে বন্ধুরা উপজেলার গুনধর বাজার বড় হাওরে কম পানিতে ফুটবল খেলছিলেন। একপর্যায়ে লিমন হাওরের গভীর ডোবায় পড়ে যান। তিনি সাঁতার জানতেন না। রাফু তাকে বাঁচাতে গিয়ে ডুবে যান।
উদ্ধার করে লিমন ও রাফুকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নেয়ার পরে সেখানে রাফুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং লিমন পরবর্তী সময় মারা যায়।
করিমগঞ্জ থানার এসআই আব্দুল আজিজ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষ হয়েছে। নিহতদের পরিবারের লোকজন আসছেন। তারাই সিদ্ধান্ত দেবেন ময়নাতদন্ত হবে কী না, নাকি জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাবেন। সেই মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।