ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি, আর এ ক্যাম্পেইন তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য। শুক্রবার এবং শনিবার বড়বাইশদিয়া ইউনিয়নের এ হাকিম হাইস্কুল ও মধুখালী বাঁধঘাট এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রায় ৫০০ মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনা মূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।
বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা শামসুল আরেফিন বলেন, ২০২২ সাল থেকে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন মানবিক কাজ করছি। ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এটা প্রথমবারের মতো করছি। আলহামদুলিল্লাহ্ ভালো সারা পেয়েছি, ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।
বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির প্রচার সম্পাদক আল-হাসিব বলেন, রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।
এ ছাড়াও রক্তের গ্রুপ নির্ণয় এর পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মোঃ পারভেজ হাসনাত, মোঃ রবিউল হাসান, মোঃ আরিফ হোসেন, মোঃ রাকিব হোসেন, লাজিম ইমরান, পারভেজ হাসান, ইসরাত জাহান সুবর্ণা এবং সংগঠনের অন্য অন্য স্বেচ্ছাসেবকেরা।