ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে আমিরাবাদ গোলাম নবী হাজী পাড়ার একটি কোম্পানির বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলমদার বাড়ির আবুল বাশারের ছেলে। রাসেল লোহাগাড়া বটতলীর আরিফের ইলেকট্রিকের দোকানে এসির মিস্ত্রী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে একটি বিল্ডিংয়ের ২য় তলায় এসি লাগানোর কাজ করছিলেন রাসেল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল নিচে পড়ে যান। তার সহকারীরা অচেতন অবস্থায় উদ্ধার করে লোহাগাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।