ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঝড়ে আম কুড়াতে গিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় মেহগনি গাছের চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পৌর শহরের ৪নং ওয়ার্ডের পাড়াটংগী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জেরিন (১০) মোসলেম উদ্দিনের মেয়ে ও আফরিন (৬) আমিরুল ইসলামের মেয়ে। জেরিন পৌরসভার এনএন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এবং আফরিন একই প্রতিষ্ঠানের শিশু শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড় হলে দুই বোন মিলে পাশের আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় একটি মেহগনির গাছ তাদের ওপর পড়ে ঘটনাস্থলেই জেরিনের মৃত্যু হয়। স্থানীয়রা আফরিনকে গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন রাত সাড়ে ৭টার দিকে আফরিনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি জনাব, আব্দুল মজিদ বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।