ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই শিশু নিখোঁজ হয়। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রবিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। অপর শিশু উদ্ধার অভিযান চলছে।
রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর লেকু মার্কেট এলাকায় কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
সিরাজখান ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ঢাকা থেকে আমাদের ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু করি। অভিযান চালিয়ে রাত ৮টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে অপর শিশুকে খুঁজে না পেয়ে অভিযান বন্ধ করা হয়। সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার জন্য অভিযান চালানো হবে।