ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে নববধূকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার সময় ইঞ্জিনচালিত নৌকাডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বরসহ আরও চারজন নিখোঁজ রয়েছেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরবোরহান ইউনিয়নের চর শাহজালাল থেকে আউলিয়াপুর এলাকায় যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস দশমিনা থানা ও নৌ- পুলিশ।
পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিতে পটুয়াখালী থেকে তিনজন ডুবরিসহ পাঁচজন পৌঁছেছেন। তাদের সঙ্গে কাজ করছেন স্থানীয় দশমিনা স্টেশনের চারজন সদস্য।