সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৭

শিশুর মৃত্যু পুকুরে ডুবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবা ও মায়ের খুব আদরের তিন বছরের ছোট্ট শিশু শোয়েব। পুকুর পাড়ে একাকী ঘুরতে গিয়ে প্রাণ হারাল সে। রবিবার (২৩ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদরের খেরুদিয়া গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। পরে রাত ১০টায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
ঘটনার শিকার শিশু শোয়েবের খালু রিন্টু জানান, চাঁদপুর শহর থেকে গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সদস্যদের নিয়ে যান। বিকেলে শিশু শোয়েব পরিবারের অন্য সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বসতবাড়ির পুকুরে নেমে পড়ে।
কিন্তু ততক্ষণেও কেউ জানতেন না শিশু শোয়েব কোথায়। একপর্যায়ে আশপাশে খুঁজে না পেয়ে পুকুরে চোখ যায় সবার। আর সেখানেই শোয়েবকে ভাসতে দেখে তারা।
এসময় দ্রুত উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক শিশু শোয়েবকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশু শোয়েবকে হারিয়ে তার বাবা ও মা জ্ঞান হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে ঈদের আনন্দ মাটি হয়ে যায়।
চাঁদপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন আলমের চার সন্তানের মধ্যে শিশু শোয়েব ছিল তৃতীয়। তাদের অতি আদরের শিশু সন্তানের হঠাৎ এমন মৃত্যুতে গোটা পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।